সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জুনে ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স প্রবাহে বড় পতন

news-image

অনলাইন ডেস্ক : ঈদুল আজহার আগে মে মাসে রেকর্ড রেমিট্যান্স এলেও জুনে দেশে প্রবাসী আয়ের প্রবাহে উল্লেখযোগ্য হ্রাস দেখা গেছে। ব্যাংকভিত্তিক তথ্যে দেখা যায়, জুনে ৩০টি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স কমেছে, আর ২২টি ব্যাংকে বেড়েছে এবং ৮টি ব্যাংকে কোনো রেমিট্যান্সই আসেনি।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, জুনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮১ কোটি ৬৯ লাখ ডলার, যা মে মাসের তুলনায় প্রায় ১৮ দশমিক ১৭ শতাংশ কম। এটি গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স প্রবাহ।

বিশেষ করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে বড় ধরনের পতন দেখা গেছে। মে মাসে ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স ছিল ৫৯ কোটি ২০ লাখ ডলার, যা জুনে নেমে আসে ৩৪ কোটি ৯২ লাখ ডলারে। এক মাসে প্রায় ৪১ শতাংশ কমে যাওয়াকে উল্লেখযোগ্য ধস হিসেবে দেখা হচ্ছে।

এছাড়া জনতা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, সিটি ব্যাংকসহ বেশ কয়েকটি বড় ব্যাংকেও রেমিট্যান্স প্রবাহ কমেছে। এককভাবে কয়েকটি ব্যাংকে বড় পতনের ফলে সামগ্রিক চিত্রে প্রভাব পড়ে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে জুনে ২২টি ব্যাংকে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এর মধ্যে অগ্রণী ব্যাংক, ইউসিবি, ইস্টার্ন ব্যাংক, এনসিসি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক এবং প্রাইম ব্যাংকের মতো প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।

তবে একই সময়ে ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এসব ব্যাংকের মধ্যে রয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রাকাব, আইসিবি ইসলামিক ব্যাংক, পদ্মা ব্যাংকসহ কয়েকটি বিদেশি ব্যাংক শাখা।

বিশ্লেষকদের মতে, ঈদের আগে প্রবাসীরা বেশি অর্থ পাঠানোর পর পরবর্তী মাসে স্বাভাবিকভাবেই রেমিট্যান্স কিছুটা কমে যায়। পাশাপাশি ব্যাংকগুলোর অভ্যন্তরীণ অস্থিরতা ও ব্যবস্থাপনাগত পরিবর্তনও কিছু প্রতিষ্ঠানের প্রবাসী আয়ে প্রভাব ফেলতে পারে।

তবে সামগ্রিকভাবে চলতি অর্থবছরে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক, যা প্রায় ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

এ জাতীয় আরও খবর