প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন কেপিআই ঘোষণা
অনলাইন ডেস্ক : রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বর্তমান সরকারি বাসভবনকে ‘বিশেষ শ্রেণির’ গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে ঘোষণা করেছে সরকার। এর ফলে ভবনটি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার আওতায় এসেছে।
এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, কেপিআই-সংক্রান্ত কমিটির সুপারিশের ভিত্তিতে গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে বিশেষ শ্রেণির কেপিআই হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ১৫ জুন প্রজ্ঞাপন জারি করা হলেও সম্প্রতি এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানের এই বাসভবন থেকেই সরকারি দায়িত্ব পালন করছেন। যদিও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সরকারি ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে, তিনি সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন না।
জানা গেছে, বাড়িটি একসময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে বরাদ্দ ছিল। পরে নামজারি সম্পন্ন হওয়ার পর ভবনটির সংস্কার ও আধুনিকায়ন করা হয়। গত বছরের ডিসেম্বরে দেশে ফেরার পর তারেক রহমান সেখানে বসবাস শুরু করেন এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরও সেখান থেকেই রাষ্ট্র পরিচালনার কাজ চালিয়ে যাচ্ছেন।
বিশেষ শ্রেণির কেপিআই ঘোষণার ফলে বাসভবনের অভ্যন্তরীণ ও বহিঃনিরাপত্তা জোরদার করা হবে। কর্মকর্তা-কর্মচারী, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং প্রশাসনিক কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সমন্বয়ে একটি বিশেষ নিরাপত্তা কমিটি গঠন করা হবে। পাশাপাশি প্রেসিডেন্ট গার্ডস রেজিমেন্টের (পিজিআর) সদস্যরা ২৪ ঘণ্টা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। তাদের সঙ্গে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ সদস্যরাও থাকবেন।
নির্দেশনা অনুযায়ী, কেপিআই ঘোষিত স্থাপনার সীমানা প্রাচীরের উচ্চতা কমপক্ষে ১২ ফুট রাখতে হবে এবং এর ওপর অতিরিক্ত তিন ফুট উচ্চতার ‘ওয়াই’ আকৃতির কাঁটাতারের বেড়া স্থাপন করতে হবে।
এছাড়া নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আশপাশের উঁচু ভবন থেকে নজরদারি বা ছবি তোলার বিষয়েও বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। কেপিআই এলাকার ১৫০ থেকে ৩০০ মিটারের মধ্যে নতুন উঁচু ভবন নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন লাগবে। একই সঙ্গে স্থাপনার ২৫ মিটারের মধ্যে নতুন কোনো ভবন নির্মাণ করা যাবে না।
নিরাপত্তা পরিকল্পনার আওতায় ভবনের আশপাশে থাকা বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি এবং ঝুঁকিপূর্ণ গাছপালাও প্রয়োজনে অপসারণ করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, প্রধানমন্ত্রী, তার পরিবারের সদস্য, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নথি এবং প্রশাসনিক কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করতেই গুলশানের এই বাসভবনকে বিশেষ শ্রেণির কেপিআই হিসেবে ঘোষণা করা হয়েছে।











