সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের রেফারি নির্বাচনের নেপথ্যের গল্প

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বকাপে খেলোয়াড়দের মতোই কঠিন বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় রেফারিদেরও। কয়েক বছরের মূল্যায়ন, আন্তর্জাতিক অভিজ্ঞতা, শারীরিক সক্ষমতা এবং ধারাবাহিক পারফরম্যান্সের ভিত্তিতেই ফুটবলের সবচেয়ে বড় আসরে ম্যাচ পরিচালনার সুযোগ পান তারা।

এবারের বিশ্বকাপে দায়িত্ব পালন করছেন মোট ১৭০ জন ম্যাচ কর্মকর্তা। এর মধ্যে ৫২ জন প্রধান রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) রয়েছেন। ৪৮ দলের সম্প্রসারিত আসরে ম্যাচ বেড়ে ১০৪টি হওয়ায় এটিই বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় রেফারি প্যানেল।

ফিফার ৫০টি সদস্যদেশ থেকে এসব কর্মকর্তা নির্বাচন করা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে সর্বোচ্চ আটজন রেফারি দায়িত্ব পালন করছেন। পাশাপাশি কাতার বিশ্বকাপের ধারাবাহিকতায় এবারও ছয়জন নারী রেফারিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে এবারের আসরে মাঠের বাইরের কিছু ঘটনাও আলোচনায় এসেছে। নিরাপত্তাজনিত কারণে সোমালিয়ার একজন নির্বাচিত রেফারিকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। অন্যদিকে উদ্বোধনী ম্যাচেই তিনটি লাল কার্ড দেখানো হয়, যা নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া চীনের জাতীয় দল বিশ্বকাপে না খেললেও দেশটির একমাত্র রেফারিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমর্থন দেখা গেছে।

ফিফা জানিয়েছে, ২০২২ কাতার বিশ্বকাপ শেষ হওয়ার পরই শুরু হয় এবারের রেফারি নির্বাচন প্রক্রিয়া। প্রার্থীদের নিয়মিত প্রশিক্ষণ, সেমিনার, ফিটনেস পরীক্ষা এবং আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতার ভিত্তিতে কয়েক বছর ধরে মূল্যায়ন করা হয়। এরপর চূড়ান্ত তালিকা তৈরি করা হয়।

২০১৪ বিশ্বকাপের ফাইনালে দায়িত্ব পালন করা সাবেক ইতালীয় সহকারী রেফারি রেনাতো ফাভেরানি জানান, প্রতিটি গুরুত্বপূর্ণ ম্যাচের পর পর্যবেক্ষকরা রেফারিদের বিস্তারিত মূল্যায়ন করেন এবং সেই প্রতিবেদনই পরবর্তী নিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশ্বকাপে অন্তর্ভুক্ত হওয়ার পরও কাজ শেষ হয় না। প্রতিটি ম্যাচের আগে পারফরম্যান্সের ভিত্তিতে নতুন করে দায়িত্ব নির্ধারণ করা হয়। নিরপেক্ষতা বজায় রাখতে কোনো রেফারিকে নিজের দেশের ম্যাচ পরিচালনার সুযোগ দেওয়া হয় না।

২০০২ বিশ্বকাপ ফাইনালের সহকারী রেফারি লেইফ লিন্ডবার্গ জানান, সুইডেন সেমিফাইনালে উঠলে তাকে দেশে ফিরতে হতো। তাই একপর্যায়ে নিজের দেশের পরাজয়ই চেয়েছিলেন, যাতে টুর্নামেন্টে দায়িত্ব পালন চালিয়ে যেতে পারেন।

ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়াকে জীবনের সবচেয়ে আবেগময় মুহূর্ত বলে বর্ণনা করেন ফাভেরানি। তিনি জানান, ফিফার আনুষ্ঠানিক ঘোষণায় নিজের নাম শোনার পর আনন্দের পাশাপাশি দায়িত্বও অনেক বেড়ে যায়।

একটি ম্যাচ পরিচালনার আগে রেফারিদের প্রতিদিন শারীরিক অনুশীলনের পাশাপাশি ভিডিও বিশ্লেষণ করতে হয়। দুই দলের আগের ম্যাচ, খেলোয়াড়দের আচরণ, কৌশল এবং সম্ভাব্য সংঘর্ষের পরিস্থিতি নিয়ে বিস্তারিত প্রস্তুতি নেন তারা।

বিশ্বকাপের মঞ্চে পৌঁছাতে অনেক রেফারিকেই ব্যক্তিগত জীবনে বড় ত্যাগ স্বীকার করতে হয়। পরিবারকে সময় দেওয়ার সুযোগ কমে যায়, এমনকি অনেকের বৈবাহিক জীবনও প্রভাবিত হয়। ফাভেরানি জানান, পূর্ণকালীন চাকরির পাশাপাশি আন্তর্জাতিক ও ঘরোয়া লিগে দায়িত্ব পালন করতে গিয়ে পরিবারকে পর্যাপ্ত সময় দিতে পারেননি।

ভিএআর প্রযুক্তি চালুর পর রেফারিদের প্রতিটি সিদ্ধান্ত আরও বেশি পর্যালোচনার মুখে পড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাও বেড়েছে। রেফারি অ্যাব্রড সংস্থার সভাপতি দানিয়েলে কুরচিওর মতে, রেফারিরাও মানুষ এবং ভুল হতেই পারে। তাই তাদের সততা ও পেশাদারিত্বের ওপর আস্থা রাখা জরুরি।

বিশ্বকাপে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন ফুটবলাররা। তবে সেই আসর সফলভাবে পরিচালনার পেছনে রেফারিদের দীর্ঘ প্রস্তুতি, কঠোর পরিশ্রম ও ব্যক্তিগত ত্যাগও সমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ জাতীয় আরও খবর