অনলাইন ডেস্ক : দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ২৭তম বিসিএস (২০০৫) পরীক্ষার প্রথম পর্যায়ের আরও ৭৭ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতনক্রমে এসব প্রার্থীকে বিসিএসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) অথবা সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। এরপর সংশ্লিষ্ট ক্যাডারভিত্তিক পেশাগত ও বিশেষায়িত প্রশিক্ষণেও অংশ নিতে হবে।
এছাড়া নবনিযুক্ত কর্মকর্তাদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজনে সরকার এই সময়সীমা আরও দুই বছর বাড়াতে পারবে। বুনিয়াদি প্রশিক্ষণ, বিভাগীয় পরীক্ষা এবং শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে শেষ করার পর চাকরি স্থায়ী করা হবে।
প্রশিক্ষণ শুরু করার আগে নির্ধারিত অঙ্গীকারনামা ও বন্ড জমা দিতে হবে। পাশাপাশি স্থায়ী হওয়ার তিন বছরের মধ্যে চাকরি ছেড়ে দিলে প্রশিক্ষণ বাবদ সরকারের ব্যয় ফেরত দেওয়ার শর্তও রাখা হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডারে ৪ জন, সমবায়ে ৪ জন, খাদ্যে ১ জন, পরিবার পরিকল্পনায় ১ জন, পুলিশে ২ জন, কৃষি ক্যাডারে ১৫ জন, স্বাস্থ্য ক্যাডারে ৭ জন, টেলিযোগাযোগ ক্যাডারে ২০ জন, রেলওয়ে প্রকৌশলে ১ জন, গণপূর্তে ১ জন, মৎস্যে ১ জন এবং সাধারণ শিক্ষা ক্যাডারের বিভিন্ন বিষয়ে একাধিক প্রভাষক নিয়োগ পেয়েছেন।
সাধারণ শিক্ষা ক্যাডারে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, পদার্থবিদ্যা, বাংলা, রসায়ন, প্রাণিবিদ্যা, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, আরবি ও ইসলামি শিক্ষা এবং হাদিস বিষয়ে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ১৪ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগ না দিলে সংশ্লিষ্ট ব্যক্তি চাকরিতে অনাগ্রহী বলে গণ্য হবেন এবং তার নিয়োগাদেশ বাতিল হবে।
চাকরিতে যোগদানের সময় সম্পদের বিবরণী জমা দিতে হবে। পাশাপাশি সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা অনুযায়ী প্রতি পাঁচ বছর পরপর সম্পদের হালনাগাদ হিসাব দাখিল এবং যৌতুক গ্রহণ বা প্রদান না করার অঙ্গীকারনামাও জমা দিতে হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে জনস্বার্থে নিয়োগাদেশ কার্যকর করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।