অনলাইন ডেস্ক : দেশের পূর্ব, দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় আগামী কয়েক দিনের মধ্যে পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
রোববার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী (পুর) সরদার উদয় রায়হান স্বাক্ষরিত এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, ৫ থেকে ১২ জুলাইয়ের মধ্যে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগসহ ভারতের মেঘালয়, আসাম, বরাক অববাহিকা, ত্রিপুরা এবং মিয়ানমারের পার্বত্য ও উপকূলীয় এলাকায় স্বাভাবিকের তুলনায় ১০০ থেকে ১৫০ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মোট বৃষ্টিপাত ৩৫০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
এতে আরও বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত মৌসুমি নিম্নচাপ দেশের পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়িয়ে দিতে পারে।
৫ থেকে ১০ জুলাইয়ের মধ্যে গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির কয়েকটি এলাকায় বিপৎসীমা অতিক্রম করতে পারে। এর ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু নিম্নাঞ্চলও অস্থায়ীভাবে প্লাবিত হতে পারে।
সতর্কবার্তায় আরও জানানো হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানিও দ্রুত বাড়তে পারে। আগামী ৮ থেকে ১০ জুলাইয়ের মধ্যে সিলেট ও ময়মনসিংহ বিভাগের কয়েকটি নদীর পানি সতর্কসীমা স্পর্শ করতে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নদীসংলগ্ন নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা ও প্লাবনের ঝুঁকি রয়েছে।
এদিকে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচে থাকলেও আগামী দুই দিন পানি কিছুটা কমতে পারে। তবে ৮ থেকে ১০ জুলাইয়ের মধ্যে এসব নদীর পানির স্তর আবারও বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।