রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ছুটির দিনেও উত্তাল ছিল কোটা আন্দোলন

news-image

অনলাইন ডেস্ক : ২০২৪ সালের ৫ জুলাই, শুক্রবার ছুটির দিন হলেও দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ ও জনসংযোগ কর্মসূচি অব্যাহত ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা অনলাইন ও অফলাইনে সমন্বিতভাবে প্রচার-প্রচারণা ও সমাবেশে অংশ নেন।

এর আগের দিন রাজধানীর শাহবাগে সমাবেশ শেষে তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষণায় বলা হয়, ৫ জুলাই জনসংযোগ, ৬ জুলাই বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ মিছিল এবং ৭ জুলাই ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি পালন করা হবে।

এই আন্দোলনের প্রতি সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি কিছু রাজনৈতিক ও শিক্ষক সংগঠনও সমর্থন জানায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষক সংগঠন এবং ছাত্রদলও কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে।

দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন এবং বিক্ষোভ কর্মসূচি ব্যাপক সাড়া ফেলে। সামাজিক যোগাযোগমাধ্যমেও আন্দোলনের বিভিন্ন কার্যক্রম ছড়িয়ে পড়ে, যেখানে বিভিন্ন বিভাগে চলমান বর্জনের তথ্য শেয়ার করা হয়।

আন্দোলনকারীরা দাবি করেন, ২০১৮ সালের কোটা সংক্রান্ত পরিপত্র পুনর্বহাল করতে হবে এবং পরবর্তীতে একটি কমিশনের মাধ্যমে মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অযৌক্তিক কোটা বাদ দিয়ে সীমিত ও যৌক্তিক কোটা রাখার প্রস্তাবও দেন তারা।

সেদিন চট্টগ্রাম, খুলনা, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় সড়ক অবরোধ ও বিক্ষোভ হয়। ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মানববন্ধনও অনুষ্ঠিত হয়। বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের বাধা ও হুমকির মুখে পড়ার ঘটনাও ঘটে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সমন্বয়ককে হল থেকে বের করে দেওয়ার চেষ্টা হলে শিক্ষার্থীরা প্রতিবাদে জড়ো হন, পরে পরিস্থিতির পরিবর্তন ঘটে।

পরবর্তী সময়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়া এই আন্দোলন ধীরে ধীরে বৃহত্তর ছাত্র-জনতার আন্দোলনে রূপ নেয়, যা পরবর্তীতে রাজনৈতিক অঙ্গনে গভীর প্রভাব ফেলে।