শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অবহেলা-দুর্নীতিতে চাকরিচ্যুতির হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

news-image

অনলাইন ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্যখাতে অবহেলা ও দুর্নীতির ক্ষেত্রে কোনো ধরনের বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতির ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

মন্ত্রী বলেন, যেখানে অবহেলা ও দুর্নীতি থাকবে, সেখানে কোনো প্রশ্রয় দেওয়া হবে না। কাজ করতে হবে সততা ও দায়িত্ববোধ নিয়ে। ঘুষ ও অনিয়ম সম্পূর্ণভাবে বন্ধ করতে সরকার কঠোর অবস্থানে থাকবে।

তিনি জানান, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। পাশাপাশি কমিউনিটি ক্লিনিক ও পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলো সংস্কার করে আরও ডাক্তার ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।

সরদার সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্যখাতে বড় ধরনের পরিবর্তনের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। চলতি বছরেই এ খাতে একটি ‘বিপ্লবের সূচনা’ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, এবারের বাজেটকে তিনি শুধু অর্থনৈতিক নয়, আদর্শভিত্তিক বাজেট হিসেবে দেখছেন। দুর্নীতিমুক্তভাবে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নই সরকারের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়া সভাপতিত্ব করেন। এতে নরসিংদীর বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।