খামেনির জানাজা ঘিরে মার্কিন চাপের অভিযোগ
অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় বিভিন্ন দেশকে অংশগ্রহণ থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র কূটনৈতিক চাপ প্রয়োগ করেছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।
সংস্থাটি এক জ্যেষ্ঠ ইরানি সূত্রের বরাত দিয়ে জানায়, গত কয়েক দিনে এ বিষয়ে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালানো হয়েছে এবং এই প্রচেষ্টার সমন্বয় করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতদেরও এ কার্যক্রমে সম্পৃক্ত করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তাসনিমের দাবি, ২৬ জুন জারি করা একটি গোপন নির্দেশনায় বিশ্বের বিভিন্ন দেশে থাকা মার্কিন দূতাবাস ও কূটনৈতিক মিশনগুলোকে স্বাগতিক দেশগুলোকে খামেনির জানাজায় প্রতিনিধি না পাঠানোর জন্য উৎসাহিত করতে বলা হয়। এতে অংশগ্রহণকে যুক্তরাষ্ট্র ‘অবন্ধুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে বিবেচনা করতে পারে বলেও উল্লেখ ছিল বলে দাবি করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিনিধি পাঠানো দেশগুলোর ক্ষেত্রে উন্নয়ন সহায়তা কমিয়ে দেওয়া বা স্থগিত করার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার ইঙ্গিতও দেওয়া হয়েছিল।
তাসনিমের ভাষ্য অনুযায়ী, মার্কো রুবিও ব্যক্তিগতভাবে অন্তত পাঁচটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। এছাড়া আফ্রিকার কয়েকটি দেশকেও প্রতিনিধি পাঠালে উন্নয়ন সহায়তা বন্ধের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
সংস্থাটির দাবি, এ ধরনের কূটনৈতিক চাপের কারণে অন্তত ১৩টি দেশ শেষ পর্যন্ত জানাজায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে দেশগুলোর নাম প্রকাশ করা হয়নি।
এদিকে তাসনিম জানিয়েছে, মার্কিন চাপের অভিযোগ সত্ত্বেও খামেনির জানাজায় ১০০টির বেশি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন, যা তাদের মতে আন্তর্জাতিক অঙ্গনে ইরানের প্রতি সমর্থনের বহিঃপ্রকাশ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, তেহরানে কয়েক দিন ধরে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ রাখা হবে। পরে তাকে মাশহাদের ইমাম রেজার মাজারসংলগ্ন এলাকায় দাফন করা হবে।
তবে তাসনিম নিউজ এজেন্সির এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া স্বাধীন কোনো সূত্র থেকেও দাবিগুলোর সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।











