অনলাইন ডেস্ক : লালনসংগীত শিল্পী শফি মণ্ডলের একটি মন্তব্যকে ঘিরে সংগীতাঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি এক পডকাস্টে শফি মণ্ডল দাবি করেন, বর্তমানে প্রচলিত লালনের গানের প্রায় ৬৫ শতাংশের সুর তার করা। তার এ বক্তব্য প্রকাশের পরই শিল্পী, গবেষক ও সাংস্কৃতিক অঙ্গনের একাংশের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
সমালোচকদের মতে, লালন ফকিরের গানের মূল সুরের মালিক লালন নিজেই। তাই তার গানের বড় অংশের সুরকার হিসেবে অন্য কারও দাবি ইতিহাসসম্মত নয়।
তরুণ সংগীতশিল্পী মমিন বিশ্বাস সামাজিক মাধ্যমে মন্তব্য করে বলেন, এমন দাবি গ্রহণযোগ্য নয় এবং এটি ইতিহাস বিকৃতির শামিল হতে পারে। একই ধরনের বিস্ময় প্রকাশ করেন গীতিকার সোমেশ্বর অলি।
লোকসংস্কৃতি গবেষক সাইমন জাকারিয়া বলেন, লালনের গান মূলত লালন নিজেই রচনা ও সুর করেছেন। সময়ের সঙ্গে পরিবেশনে পরিবর্তন এলেও মূল সুরের মালিকানা পরিবর্তনের সুযোগ নেই।
একই মত দেন গবেষক ড. তপন বাগচী। তিনি বলেন, লালন, হাসন রাজা বা রাধারমণের মতো লোককবিরা নিজেরাই গান রচনা ও সুর করেছেন। ফলে অন্য কারও সুরকার দাবি গ্রহণযোগ্য নয়।
তবে শফি মণ্ডলের পক্ষেও কিছু প্রতিক্রিয়া এসেছে। তাদের দাবি, তিনি মূলত প্রচলিত লালনগানের আধুনিক পরিবেশন ও সংগীতায়োজন বোঝাতে গিয়ে এ মন্তব্য করেছেন।
পরে শফি মণ্ডল জানান, তার বক্তব্য আবেগের বশে এসেছে এবং তিনি মূলত প্রচলিত পরিবেশনার ক্ষেত্রে নিজের অবদান বোঝাতে চেয়েছেন। তিনি আরও বলেন, সময়ের সঙ্গে লালনের অনেক গানের আদি সুর হারিয়ে গেছে, যেগুলো তিনি দীর্ঘদিন ধরে পুনর্গঠনের চেষ্টা করেছেন।
এ নিয়ে পক্ষ–বিপক্ষের বক্তব্যে সংগীতাঙ্গনে বিতর্ক অব্যাহত রয়েছে।