৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে সবুজ সংকেত
অনলাইন ডেস্ক : দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শূন্য থাকা প্রধান শিক্ষক পদে নিয়োগের পথে আর কোনো আইনি বাধা নেই বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ-সংক্রান্ত একটি মামলার শুনানি শেষে এই সিদ্ধান্ত দেন। এর ফলে প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পথ উন্মুক্ত হয়েছে।
রাষ্ট্রপক্ষে আদালতে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
এর আগে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক সংকট দূর করতে ৩২ হাজার ৫০০ জনকে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে আদালতের স্থগিতাদেশের কারণে সেই কার্যক্রম দীর্ঘদিন ধরে স্থগিত ছিল।
সর্বশেষ আপিল বিভাগের রায়ের ফলে নিয়োগ কার্যক্রম বাস্তবায়নে আর কোনো আইনি জটিলতা থাকছে না বলে সংশ্লিষ্টরা মনে করছেন।











