শাহজালালে ৪৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
অনলাইন ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিজি-১৪৮ ফ্লাইটের কার্গো হোলে যৌথভাবে তল্লাশি চালিয়ে প্রাথমিকভাবে ১৬০টি স্বর্ণের বার জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ১৯ কেজি। আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী এসব স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৪৫ কোটি টাকা।
অভিযানটি পরিচালনা করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, একটি গোয়েন্দা সংস্থা এবং কাস্টমস কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত যৌথ দল।
উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমসের অতিরিক্ত কমিশনার কামরুল হাসান।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। কীভাবে স্বর্ণের বারগুলো কার্গো হোলে পৌঁছেছে, এর প্রকৃত উৎস কী এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত—এসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।











