বেনজীরের দুর্নীতি মামলায় আরও ৬ সাক্ষীর জবানবন্দি
অনলাইন ডেস্ক : সাবেক আইজিপি বেনজীর আহমেদের ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় আরও ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে আদালত।
বুধবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এসব সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন।
সাক্ষ্য দেওয়া ব্যক্তিদের মধ্যে বিভিন্ন জেলার সাব-রেজিস্ট্রার ও বন অধিদপ্তরের একজন উপপরিচালক রয়েছেন। তাদের বক্তব্য মামলার সম্পদ ও লেনদেন সংক্রান্ত নথিপত্র যাচাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে প্রসিকিউশন।
মামলায় মোট ২৮ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ১৪ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। আগামী ১৬ জুলাই পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগ অনুযায়ী, বেনজীর আহমেদ তার সম্পদ বিবরণীতে উল্লেখিত আয়ের তুলনায় প্রায় ১১ কোটি টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তদন্তে তার নামে আরও অতিরিক্ত সম্পদের প্রমাণ পাওয়া যায় এবং এসব অর্থ বিভিন্ন ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান ও বিনিয়োগের মাধ্যমে লুকানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এর আগে চলতি বছরের ৮ মার্চ আদালত তার বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং পরে ৩ মে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।











