যানজট কমাতে প্রধানমন্ত্রীর বৈঠক
অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক ও নৌপথের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সড়ক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, রাজধানীর যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোড নির্মাণ প্রকল্পের অগ্রগতি এবং এর সম্ভাব্য সুফল প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়েছে।
জানানো হয়, গাবতলী থেকে বাবুবাজার এবং পোস্তাগোলা থেকে ডেমরা পর্যন্ত বিস্তৃত প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ ইনার সার্কুলার রিং রোডের রায়েরবাজার, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর অংশের নির্মাণকাজ চলমান রয়েছে। এ পর্যন্ত প্রকল্পের প্রায় ৪৫ শতাংশ কাজ শেষ হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, রিং রোড নির্মাণ সম্পন্ন হলে ঢাকা-সিলেট, ঢাকা-মাওয়া ও ঢাকা-চট্টগ্রামগামী যানবাহনের রাজধানীর অভ্যন্তরীণ সড়ক ব্যবহার করার প্রয়োজন কমে যাবে। এতে নগরীর সড়কে যানবাহনের চাপ ও যানজট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
বৈঠকে রাজধানী ঘিরে থাকা প্রায় ১১০ কিলোমিটার নদীপথকে যাত্রী পরিবহনের আওতায় আনার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। বিশেষজ্ঞরা জানান, আধুনিক ও বিদ্যুৎচালিত নৌযান চালু করা গেলে পরিবেশবান্ধব, জ্বালানি-সাশ্রয়ী এবং দ্রুত যাতায়াত ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন, নৌপরিবহন, রেলপথ মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











