যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় রাজি নয় ইরান
আমাদের ব্রাহ্মণবাড়িয়া
জুলাই ১, ২০২৬
অনলাইন ডেস্ক : যুদ্ধবিরতির দুই সপ্তাহ পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা অনিশ্চিত রয়ে গেছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আপাতত যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে তারা কোনো সরাসরি বৈঠকে বসবে না।
ইরানের কর্মকর্তাদের মতে, স্থায়ী শান্তিচুক্তি কিংবা পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় যাওয়ার আগে যুদ্ধবিরতির শর্তগুলো পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। এ কারণে দুই দেশের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা আরও প্রকট হয়েছে।
দুই সপ্তাহ আগে হওয়া অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তিতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করার কথা ছিল। এর বিনিময়ে ইরানকে আর্থিক প্রণোদনা দেওয়ার পাশাপাশি ৬০ দিনের মধ্যে স্থায়ী শান্তিচুক্তির লক্ষ্যে আলোচনা চালানোর বিষয়ও অন্তর্ভুক্ত ছিল। তবে এসব ইস্যুতে এখনো দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে।
এদিকে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার কাতারের রাজধানী দোহা সফর করেছেন। যদিও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে কোনো সরাসরি বৈঠকের পরিকল্পনা নেই।
কাতার জানিয়েছে, দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি উইটকফ ও কুশনারের সঙ্গে বৈঠক করেছেন। তবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ মধ্যস্থতাকারীদের মাধ্যমেই অব্যাহত থাকবে। পাশাপাশি কারিগরি পর্যায়ে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে কাতার।
অন্যদিকে, মার্কিন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনা প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের সম্ভাবনাও বিবেচনা করছেন। তবে আপাতত তিনি কূটনৈতিক প্রচেষ্টাকে আরও কিছু সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আংশিকভাবে স্বাভাবিক হলেও ইরান জানিয়েছে, ওমানের সঙ্গে যৌথভাবে এ নৌপথ নিয়ন্ত্রণের অধিকার তাদের রয়েছে। অন্তর্বর্তী সময়সীমা শেষ হওয়ার পর আগস্টের মাঝামাঝি থেকে সেখানে টোল আরোপের বিষয়টিও বিবেচনায় রয়েছে।