স্ত্রীর আত্মহত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে অভিনেতা আলভী
অনলাইন ডেস্ক : স্ত্রী ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় রিমান্ড শেষে ছোটপর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে যাহের আলভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ এ আদেশ দেন। এর আগে দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়।
রাষ্ট্রপক্ষ জানায়, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় আলভীকে একাধিক দিক থেকে প্রশ্ন করা হয় এবং ঘটনাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা মামলার তদন্তে সহায়ক হবে। তবে তদন্ত এখনো চলমান থাকায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়।
এর আগে ২৪ জুন আদালত তাকে দুই দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন। ১৮ জুন তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। এরও আগে তার মা নাসরিন সুলতানা আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবী ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই রাতেই নিহতের বাবা কবির হায়াত খান মামলা করেন।
মামলায় পারিবারিক কলহ ও নির্যাতনের অভিযোগ তুলে বলা হয়, এসব কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।











