অনলাইন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি দলটি তিন দফা দাবিও উত্থাপন করেছে।
মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ও দাবি তুলে ধরেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২ থেকে ৯ জুলাই পর্যন্ত রাজধানীতে শহিদ, আহত ও পঙ্গু পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়, জুলাইয়ের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন, স্মৃতিচারণ, আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া ১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে ঢাকার দুই মহানগরীতে আলোচনা সভার আয়োজন করা হবে।
১৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত সারাদেশে একই ধরনের কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া ১ আগস্ট মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে গণমিছিল করবে দলটি। ১ থেকে ৪ আগস্ট শ্রমিক সংগঠনের উদ্যোগেও পৃথক কর্মসূচি অনুষ্ঠিত হবে।
দলটি জানিয়েছে, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীসহ দেশব্যাপী ১১ দলের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও মিছিলে তারা অংশ নেবে। পাশাপাশি মহিলা বিভাগ, ছাত্র সংগঠন ও জুলাইযোদ্ধাদের বিভিন্ন কর্মসূচিতেও নেতাকর্মীদের অংশগ্রহণ থাকবে।
সংবাদ সম্মেলনে জামায়াত তিন দফা দাবি জানায়। দাবিগুলো হলো— জুলাইয়ের হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের দ্রুত বিচার সম্পন্ন করা, শহিদ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচারের আওতায় আনা এবং গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা।
সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।