অনলাইন ডেস্ক : কক্সবাজার-টেকনাফ সীমান্তে সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির নাম ঘিরে পরিচিত মাদক নেটওয়ার্ক এখন কার নিয়ন্ত্রণে—এ প্রশ্ন নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
জাতীয় সংসদে বাজেট আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সীমান্ত দিয়ে চলমান মাদক পাচার নিয়ে প্রশ্ন তোলার পর বিষয়টি আবারও সামনে আসে। তিনি জানতে চান, বদির নাম একসময় আলোচিত হলেও বর্তমানে ওই নেটওয়ার্কের নিয়ন্ত্রণ কার হাতে রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বদির কারাগারে থাকলেও টেকনাফ-উখিয়া সীমান্তে ইয়াবা, আইসসহ বিভিন্ন মাদকের প্রবেশ পুরোপুরি বন্ধ হয়নি। সীমান্তের একাধিক পয়েন্ট দিয়ে এখনও নিয়মিতভাবে মাদক আসছে বলে দাবি করা হচ্ছে।
স্থানীয় সূত্র ও বাসিন্দাদের একাংশের দাবি, আগের গড়ে ওঠা নেটওয়ার্ক পুরোপুরি ভেঙে না গিয়ে এখনো সক্রিয় রয়েছে। তাদের মতে, সংশ্লিষ্ট কিছু ব্যক্তি ও স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে এই কার্যক্রম অব্যাহত আছে।
উখিয়ার স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, রাজনৈতিক পরিচয় বদলালেও একই চক্র আবারও সক্রিয় হয়েছে। তাদের অভিযোগ, সীমান্ত দিয়ে আসা মাদক প্রথমে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় প্রবেশ করে, পরে তা দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে।
অন্যদিকে স্থানীয় রাজনৈতিক নেতারা দাবি করেছেন, মাদকবিরোধী অবস্থানে তারা কঠোর এবং দলের মধ্যে কোনো মাদক সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রশ্রয় দেওয়া হবে না।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। জেলা পুলিশ ও বিজিবি উভয়ই জানিয়েছে, সীমান্তে নজরদারি, অভিযান এবং গ্রেপ্তার কার্যক্রম জোরদার করা হয়েছে। তাদের দাবি, শুধু মাদক উদ্ধার নয়, এর সঙ্গে জড়িত মূল হোতাদের আইনের আওতায় আনা হচ্ছে।
উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে অতীতে মাদক পাচারের অভিযোগ ছিল এবং ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।