শিগগিরই দেশে ফিরছেন মির্জা আব্বাস
অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। চিকিৎসা শেষে তিনি অল্প সময়ের মধ্যেই দেশে ফিরবেন বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন। তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন বলে আশা প্রকাশ করেন এবং তার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।
গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তার মস্তিষ্কে অস্ত্রোপচার করেন।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে এক মাস চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে উন্নত ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।











