সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন ধাপে অর্থনীতি গড়ার পরিকল্পনা সরকারের

news-image

অনলাইন ডেস্ক : ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্যে দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার, উত্তরণ এবং পুনর্গঠন—এই তিন ধাপে এগিয়ে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সোমবার জাতীয় সংসদের ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশনে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার ও বিরোধী দলের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও জনগণের মধ্যে ভবিষ্যৎ নিয়ে আশাবাদ তৈরি হয়েছে। তিনি জানান, অতীতের চেয়ে ভবিষ্যৎ পরিকল্পনাকে গুরুত্ব দিয়েই এগোতে চায় সরকার।

তিনি বলেন, এবারের বাজেট সাধারণ মানুষের জীবনযাত্রার চাপ কমানোর লক্ষ্য নিয়ে প্রণয়ন করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় ৬১টি পণ্যের শুল্ক প্রত্যাহারের ফলে বাজেট ঘোষণার আগে বা পরে বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখা যায়নি, যা জনগণকে কিছুটা স্বস্তি দিয়েছে।

তারেক রহমান আরও বলেন, আগের সরকারের নেওয়া বিপুল বৈদেশিক ঋণের বোঝা এখনো দেশের মানুষের ওপর চাপ সৃষ্টি করছে। তবে বর্তমান সরকার শুধু বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়, দীর্ঘমেয়াদে শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার লক্ষ্য নিয়ে বাজেট প্রণয়ন করেছে।

তিনি জানান, বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিকে গতিশীল করাই সরকারের অন্যতম লক্ষ্য। সীমিত সম্পদের কথা বিবেচনায় রেখে দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন বাজেট ৫০ হাজার কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে, যাতে জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করা যায়। পাশাপাশি ঋণনির্ভর নয়, উৎপাদনভিত্তিক অর্থনীতি গড়ে তুলে তরুণদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও সরকারের অন্যতম অগ্রাধিকার।