কাল ঘোষণা হচ্ছে নতুন মুদ্রানীতি
অনলাইন ডেস্ক : নতুন অর্থবছরের প্রথম ছয় মাসের জন্য (জুলাই–ডিসেম্বর) নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারও সংকোচনমূলক অবস্থান বজায় রাখার ইঙ্গিত মিলেছে।
আগামীকাল বিকাল ৩টায় কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে নতুন মুদ্রানীতি ঘোষণা করবেন গভর্নর মো. মোস্তাকুর রহমান। এর আগে নীতিটি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মূল্যস্ফীতি কাক্সিক্ষত মাত্রায় না নামা পর্যন্ত নীতি সুদহার অপরিবর্তিত রাখার সম্ভাবনাই বেশি। ফলে বর্তমান সংকোচনমূলক মুদ্রানীতির ধারা অব্যাহত থাকতে পারে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মূল্যস্ফীতি এখনো উচ্চ পর্যায়ে রয়েছে। গত মে মাসে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.৪২ শতাংশে, যা চলতি বছরের মধ্যে অন্যতম সর্বোচ্চ। খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতেই মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে রয়েছে।
অর্থনীতিবিদদের মতে, শুধু নীতি সুদহার দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। পাশাপাশি রাজস্বনীতি, বাজার ব্যবস্থাপনা ও সরবরাহ ব্যবস্থার দুর্বলতাও সমাধান করতে হবে।
বর্তমানে বাংলাদেশ ব্যাংক ২০২৪ সালের শেষ দিক থেকে সংকোচনমূলক নীতি অনুসরণ করছে এবং নীতি সুদহার ১০ শতাংশে রাখা হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতিতেও বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় উচ্চ সুদহার বজায় থাকলে বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যেতে পারে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে।
বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, সময়মতো নতুন মুদ্রানীতি ঘোষণা করা হচ্ছে, তবে অর্থনৈতিক চাপ ও মূল্যস্ফীতির পরিস্থিতি নীতিনির্ধারণে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।











