হরমুজ ইস্যুতে মঙ্গলবার যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক
অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনা প্রশমনে আলোচনায় বসতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ লক্ষ্যে আগামী মঙ্গলবার (৩০ জুন) কাতারের রাজধানী দোহায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, বৈঠকে হরমুজ প্রণালির নিরাপত্তা, আন্তর্জাতিক নৌযান চলাচল এবং বিরোধ নিরসনের বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেছেন, হরমুজ প্রণালির নৌপরিবহন ব্যবস্থাপনার দায়িত্ব সম্পূর্ণভাবে ইরানের। এ বিষয়ে বাইরের কোনো হস্তক্ষেপ হলে তা দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে জানা যায়, পরিস্থিতি আরও উত্তপ্ত না করতে যুক্তরাষ্ট্র আপাতত সামরিক অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক সংঘাতের পর হওয়া সমঝোতা স্মারকে হরমুজ প্রণালির নিরাপত্তা ও জাহাজ চলাচল নিয়ে দুই দেশের ভিন্ন ব্যাখ্যার কারণেই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিবাদে নির্ধারিত কারিগরি পর্যায়ের আলোচনায় অংশ নেয়নি ইরান।
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র সমঝোতার শর্ত পূরণ না করায় রোববারের বৈঠক থেকে সরে দাঁড়ায় তেহরান। তার ভাষ্য, প্রতিশ্রুতি বাস্তবায়নের আগে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব নয়।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, আগ্রাসন এবং শিশু হত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক বিচার দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলি খামেনি।











