অনলাইন ডেস্ক : সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ আরোহীর মৃত্যু হয়েছে। রোববার দেশটির পূর্বাঞ্চলের রাস তানুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ ও আরব নিউজ জানায়, জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুর্ঘটনার পর হেলিকপ্টারে থাকা কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়।
রাস তানুরা এলাকায় সৌদি আরামকোর অন্যতম গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ও তেল রপ্তানি টার্মিনাল অবস্থিত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হেলিকপ্টারটি শিল্পাঞ্চল সংশ্লিষ্ট দায়িত্ব পালনকালে দুর্ঘটনার কবলে পড়ে।