অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে এক পল্লী ও হোমিওপ্যাথিক চিকিৎসককে অস্ত্রের মুখে তুলে নিয়ে গেছে সশস্ত্র দুর্বৃত্তরা। রোববার (২৮ জুন) দুপুরে এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অপহৃত চিকিৎসক ডা. কামাল উদ্দিন ওরফে বিএ কামাল (৬৫)। তিনি বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালিয়া জুম্মাপাড়া এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে স্থানীয়দের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।
পরিবারের সদস্যদের দাবি, দুপুরের দিকে পাহাড়ি এলাকা থেকে নেমে আসা একদল অস্ত্রধারী তার বাড়িতে ঢুকে পরিবারের সবাইকে জিম্মি করে। পরে অস্ত্রের মুখে ডা. কামাল উদ্দিনকে জোর করে তুলে নিয়ে পাহাড়ের দিকে চলে যায়। হামলাকারীদের হাতে আগ্নেয়াস্ত্র থাকায় কেউ বাধা দেওয়ার সাহস পাননি।
ঘটনার পরপরই বিষয়টি পুলিশ ও বিজিবিকে জানানো হয়। স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস জানান, প্রকাশ্যে এমন অপহরণের ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও ভয় তৈরি হয়েছে। তিনি দ্রুত অপহৃত চিকিৎসককে উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আবু সাঈদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপহৃত চিকিৎসককে উদ্ধারে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তবে কারা এবং কী কারণে এ অপহরণের ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে চিকিৎসকের স্বজনরা দ্রুত তাকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার এবং অপহরণকারীদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।