রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান-যুক্তরাষ্ট্রে পাল্টাপাল্টি হামলায় নতুন করে উত্তেজনা

news-image

অনলাইন ডেস্ক : যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

রোববার ভোরে ইরান কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি) জানায়, সাম্প্রতিক মার্কিন হামলার জবাব হিসেবেই তারা এই অভিযান চালিয়েছে।

কুয়েতের সেনাবাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার চেষ্টা করে। একই সময় বাহরাইনে সতর্কতামূলক সাইরেন বাজে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা হামলার বিষয়টি নিশ্চিত করলেও জানান, এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এর আগে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির কাছে একটি তেলবাহী জাহাজে ড্রোন হামলার অভিযোগ তুলে ইরানের একাধিক সামরিক স্থাপনায় পাল্টা বিমান হামলা চালায়। মার্কিন সামরিক বাহিনীর দাবি, এতে ইরানের নজরদারি, যোগাযোগ ও ড্রোন সংরক্ষণ অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটির দক্ষিণাঞ্চলের সিরিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন এবং এর ফলে কূটনৈতিক প্রক্রিয়া কার্যত অচল হয়ে পড়েছে। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো আরও কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়তে পারে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে ঘিরেই দুই দেশের উত্তেজনা মূলত সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। এই জলপথটি বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচিত। যুদ্ধ পরিস্থিতিতে এর নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের অবস্থান বিপরীতমুখী।

চলমান এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও বেড়েছে।

এ জাতীয় আরও খবর