ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
অনলাইন ডেস্ক : ইরানকে লক্ষ্য করে আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ইরানের অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে।
হরমুজ প্রণালির কাছে একটি বাণিজ্যিক তেলবাহী জাহাজে ড্রোন হামলার পর টানা দ্বিতীয় দিনের মতো ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর ট্রাম্প দাবি করেন, ইরান বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং তারা এখনো কোনো শিক্ষা নেয়নি।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন সংযম দেখিয়েছে। তবে প্রয়োজনে শুরু করা সামরিক অভিযান পুরোপুরি শেষ করা হবে। এমন পরিস্থিতি তৈরি হলে ইসলামিক রিপাবলিক অব ইরানের অস্তিত্বও টিকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে মার্কিন হামলার পাল্টা জবাবে ইরান বাহরাইন ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। উভয় পক্ষের এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা বেড়েছে।











