রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোল, মেসির নতুন ইতিহাস

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে আরও একটি অনন্য রেকর্ড নিজের নামে লিখিয়ে নিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। জর্ডানের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে ফ্রি কিক থেকে গোল করে তিনি বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার নজির গড়েছেন, যা এর আগে কোনো ফুটবলারের ছিল না।

রোববার ডালাসে অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের তৃতীয় গোলটি আসে মেসির পা থেকে। চলতি আসরে এটি তার ষষ্ঠ গোল এবং বিশ্বকাপে মোট গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯-এ।

ম্যাচের ৬০তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। এরপর অল্প সময়ের মধ্যেই একটি দুর্দান্ত ফ্রি কিকে জর্ডানের গোলরক্ষক ইয়াজিদ আবু লায়লাকে পরাস্ত করে বল জালে পাঠান তিনি।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার নতুন রেকর্ড গড়েন আর্জেন্টাইন তারকা। এর আগে ১৯৫৮ সালের বিশ্বকাপে ফ্রান্সের জুস্ত ফোঁতেন এবং ১৯৭০ সালের আসরে ব্রাজিলের জাইরজিনিয়ো টানা ছয় ম্যাচে গোল করে যৌথভাবে রেকর্ডটির মালিক ছিলেন।

মেসির এই ধারাবাহিকতা শুরু হয় ২০২২ কাতার বিশ্বকাপের নকআউট পর্ব থেকে। অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে গোল করার পর বর্তমান আসরে অস্ট্রিয়া, আলজেরিয়া এবং জর্ডানের বিপক্ষেও গোল করে তিনি ইতিহাসের সর্বোচ্চ স্থানে পৌঁছে যান।

বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়ে চলা মেসি এবারও আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশনে দলের সবচেয়ে বড় ভরসা হিসেবে নিজেকে প্রমাণ করে চলেছেন।

এ জাতীয় আরও খবর