ইতালিতে তিন বাংলাদেশি হত্যা: সন্দেহভাজনের ছবি প্রকাশ
অনলাইন ডেস্ক : ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে হত্যার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছে দেশটির জাতীয় পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে পুলিশ জানায়, শাহাদাত হোসেন নামে ১৯৮৩ সালের ১০ মে বাংলাদেশে জন্ম নেওয়া এক ব্যক্তিকে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে খোঁজা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির অবস্থান সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে রোম পুলিশের মোবাইল টিমের সঙ্গে দ্রুত যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাদাত হোসেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বাসিন্দা এবং নিহত পরিবারের পূর্বপরিচিত ছিলেন।
এদিকে নিহত কামাল উদ্দিন বাবুলের বাবা মোহাম্মদ সিরাজ দাবি করেছেন, ঘটনাটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।
পুলিশের তদন্তে জানা যায়, ঘটনার সময় অ্যাপার্টমেন্ট থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করে এবং গুরুতর আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে ভর্তি করে।
নিহতরা হলেন কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা। আহত ছেলে আমির হোসেন অয়ন বর্তমানে রোমের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে রোম পুলিশের গোয়েন্দা বিভাগ ও ফরেনসিক বিশেষজ্ঞরা তদন্ত চালিয়ে যাচ্ছেন।











