চট্টগ্রামে ৮০০ একরে গড়বে চীনা শিল্প পার্ক
অনলাইন ডেস্ক : চট্টগ্রামে প্রায় ৮০০ একর জমিতে একটি ‘চাইনিজ ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে বাংলাদেশে চীনের বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
শনিবার সিলেট জেলা আইনজীবী সমিতির নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী জানান, চীন ইতোমধ্যে বাংলাদেশের সব পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগ আকর্ষণের কৌশল নেওয়া হয়েছে, যা রপ্তানি বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি বলেন, চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরের সঙ্গে বাংলাদেশ যুক্ত হলে সড়কপথে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ থেকে চীনে পণ্য পরিবহন সম্ভব হবে। এতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং বিনিয়োগও বাড়বে।
খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরে দেশটির শীর্ষ নেতৃত্ব ও বড় বিনিয়োগকারীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এসব আলোচনার ইতিবাচক প্রভাব হিসেবে বাংলাদেশে নতুন করে চীনা বিনিয়োগ আসবে এবং দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে সহায়তা করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবিধানে বর্ণিত নাগরিক অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।











