ঢামেকে কারাবন্দী হাজতির মৃত্যু
অনলাইন ডেস্ক : ঢাকার নবাবগঞ্জ থানার একটি মামলায় কারাবন্দী মো. আব্দুল মান্নান (৪২) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
শনিবার সকাল পৌনে ৮টার দিকে তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে।
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ময়নাতদন্তের পর।
নিহত আব্দুল মান্নান ঢাকার নবাবগঞ্জ উপজেলার বালুখন্ড গ্রামের বাসিন্দা। তিনি চলতি বছরের একটি মামলায় হাজতি হিসেবে কারাগারে ছিলেন।











