শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁটাবনের অগ্নিকাণ্ডে দুই পিয়নের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবনে অবস্থিত আল বারাকা টাওয়ারের একটি আইনজীবীর চেম্বারে অগ্নিকাণ্ডে আব্দুস সালাম (২০) ও জনি (২৪) নামে দুই পিয়নের মৃত্যু হয়েছে। আগুনে চেম্বারের মূল্যবান আইনবিষয়ক বই, গুরুত্বপূর্ণ নথিপত্রসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে।

শুক্রবার দিবাগত রাত প্রায় ১টার দিকে ১৪ তলা ভবনের ১২তম তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, চেম্বারটি একসময় সাবেক উপদেষ্টা হাসান আরিফের ছিল। তাঁর মৃত্যুর পর ছেলে ব্যারিস্টার মোয়াজ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান এটি ব্যবহার করতেন।

নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিন জানান, আগুন লাগার সময় দুই কর্মচারী চেম্বারের ভেতরে ছিলেন। প্রাণ বাঁচাতে তারা একটি বাথরুমে আশ্রয় নিলেও ধোঁয়া ও আগুনের কারণে অচেতন হয়ে পড়েন। আগুন নিয়ন্ত্রণে আসার পর তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

আব্দুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আগুন লাগার কারণ এবং মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

নিহত আব্দুস সালামের বাড়ি বগুড়ার কাহালু উপজেলায়। তিনি প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমানের পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। অপর নিহত জনির বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়। তিনি ব্যারিস্টার মোয়াজের পিয়ন হিসেবে দায়িত্ব পালন করতেন।