শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

উপসাগরে মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা হামলার দাবি

news-image

অনলাইন ডেস্ক : ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট একাধিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক টেলিগ্রাম বার্তায় এ তথ্য জানানো হয়।

আইআরজিসি সতর্ক করে বলেছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা নতুন করে কোনো সামরিক পদক্ষেপ নিলে ইরান আরও কঠোর ও বিস্তৃত প্রতিক্রিয়া জানাবে।

এর আগে মার্কিন সামরিক বাহিনী জানায়, হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে তারা ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে সামরিক অভিযান পরিচালনা করেছে। ওয়াশিংটনের দাবি, ওই হামলার সঙ্গে তেহরানের সম্পৃক্ততা ছিল।

কয়েক দিন আগেই দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা তৈরি হয়েছিল। তবে হরমুজ প্রণালিতে নতুন হামলা এবং পরবর্তী পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ সেই আশাকে আবারও অনিশ্চয়তার মুখে ফেলেছে।

বিশ্বের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিঙ্গাপুরের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এভার লাভলি’-তে হামলার ঘটনাকে ১৭ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তিনি ঘটনাটিকে ‘বোকামিপূর্ণ লঙ্ঘন’ বলেও মন্তব্য করেন।