শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডকে উড়িয়ে নকআউটে বেলজিয়াম

news-image

অনলাইন ডেস্ক : লিয়ান্দ্রো ট্রসার্ডের জোড়া গোলের দুর্দান্ত নৈপুণ্যে নিউজিল্যান্ডকে ৫-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে ইউরোপের দলটি।

ম্যাচের ২৮তম মিনিটে কেভিন ডি ব্রুইনের কর্নার থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে প্রথম গোল করেন ট্রসার্ড। বিরতির পর ৫০তম মিনিটে ডি ব্রুইনের বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান আরও বাড়ান তিনি।

এরপর ৬৬তম মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে স্কোরলাইন ৩-০ করেন কেভিন ডি ব্রুইনে। কিছুক্ষণ পর এলাইজা জাস্ট একটি গোল শোধ দিলেও ম্যাচে ফিরতে পারেনি নিউজিল্যান্ড।

বদলি হিসেবে মাঠে নেমেই মাত্র ৫৬ সেকেন্ডের মধ্যে হেডে গোল করেন রোমেলু লুকাকু। যোগ করা সময়ে আরেক বদলি আলেক্সিস সালেমাকার্স গোল করলে ৫-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় বেলজিয়ামের।

অন্যদিকে, গ্রুপের অন্য ম্যাচে মিশর ইরানকে হারাতে না পারায় গোল ব্যবধানে ‘জি’ গ্রুপের শীর্ষস্থান দখল করে বেলজিয়াম। ফলে শেষ বত্রিশে তারা তৃতীয় হওয়া একটি দলের বিপক্ষে খেলবে।

তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট সংগ্রহ করে বিশ্বকাপ অভিযান শেষ করেছে নিউজিল্যান্ড। আর প্রথম দুই ম্যাচের হতাশা কাটিয়ে দারুণ ছন্দে ফিরেছে বেলজিয়াম। বিশেষ করে ট্রসার্ড ও ডি ব্রুইনের পারফরম্যান্স নকআউট পর্বের আগে দলটিকে বড় আত্মবিশ্বাস জুগিয়েছে।