তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ
অনলাইন ডেস্ক : তীব্র তাপপ্রবাহে ইউরোপজুড়ে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। শুক্রবার মহাদেশটির প্রায় ১৫ কোটি মানুষ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার মুখোমুখি হন। জার্মানি, ফ্রান্স, ব্রিটেন ও সুইজারল্যান্ডে জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড তৈরি হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিম ইউরোপে শুরু হওয়া এই তাপপ্রবাহ ধীরে ধীরে পূর্ব দিকে ছড়িয়ে পড়ছে। এর প্রভাবে জার্মানি ও পোল্যান্ডে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে এবং নতুন রেকর্ডও সৃষ্টি হতে পারে।
জার্মানির সরকারি সম্প্রচারমাধ্যম এআরডির তথ্য অনুযায়ী, ফ্রান্স সীমান্তবর্তী সারব্রুকেন এলাকায় শুক্রবার ৪১ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ হতে পারে।
ফ্রান্সে তীব্র গরমে শিশু ও বয়স্কসহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত তাপমাত্রার কারণে বিদ্যুৎ উৎপাদন ও রেল চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া কিছু এলাকায় স্কুল বন্ধ রাখা হয়েছে, স্থগিত করা হয়েছে উন্মুক্ত স্থানের বিভিন্ন অনুষ্ঠান এবং মদ বিক্রিতেও সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আবহাওয়াবিদ কারস্টেন ব্রান্টের মতে, সপ্তাহান্তে তাপপ্রবাহ আরও তীব্র হবে এবং জার্মানির কিছু অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে।
তীব্র গরমের কারণে ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিতব্য আয়রনম্যান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সাইক্লিং ও দৌড়ের রুট ছোট করা হয়েছে। পাশাপাশি সড়ক ও রেল অবকাঠামোর ক্ষতির আশঙ্কায় বিভিন্ন সরকারি সংস্থা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।
জার্মানির জাতীয় রেল অপারেটর ডয়চে বান জানিয়েছে, তাপপ্রবাহের কারণে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত দূরপাল্লার ট্রেনের যাত্রীরা অতিরিক্ত খরচ ছাড়াই টিকিট বাতিল করতে পারবেন। অতিরিক্ত গরমে রেললাইন, বৈদ্যুতিক তার ও সংকেত ব্যবস্থার ওপর চাপ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ইউরোপের বিভিন্ন দেশে কৃষি, স্বাস্থ্যসেবা ও সাংস্কৃতিক কার্যক্রমেও তাপপ্রবাহের নেতিবাচক প্রভাব পড়েছে। হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ও বৈদ্যুতিক পাখার চাহিদাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, চলতি মাসের শেষ দিকে এই তাপপ্রবাহ মধ্য ইউরোপ ও বলকান অঞ্চলের দিকে সরে যেতে পারে। বিজ্ঞানীদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণেই এমন অস্বাভাবিক ও দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের ঘটনা আরও ঘন ঘন ঘটছে।











