বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠকের পর এসব সমঝোতা স্মারক সই হয়।
সমঝোতা স্মারকগুলোতে সই করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সন্ধ্যায় বেইজিংয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, বিনিয়োগ সহযোগিতা, সবুজ উন্নয়ন এবং বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি একটি যৌথ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাই থেকে গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে তাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। পরে দুই নেতার মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, বাণিজ্য ঘাটতি কমানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১৩টি সমঝোতা স্মারক সই হয়।
মাহদী আমিন জানান, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের আওতায় স্বাস্থ্য, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন এবং বাংলাদেশ থেকে কাঁঠাল রপ্তানিসংক্রান্ত সমঝোতা হয়েছে। এছাড়া কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় দুটি এবং গণমাধ্যম খাতে সহযোগিতা বাড়াতে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, চীন বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী। বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে।











