আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির
আমাদের ব্রাহ্মণবাড়িয়া
জুন ২৫, ২০২৬
অনলাইন ডেস্ক : জামায়াতপন্থী ১৮ জন আইন কর্মকর্তার একযোগে পদত্যাগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ‘স্টান্টবাজি’ বলে মন্তব্য করেছে বিএনপি। দলটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদল এ মন্তব্য করেন।
বুধবার সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকার পরিবর্তনের সময় আইন কর্মকর্তাদের পদত্যাগ নতুন কিছু নয়, এটি দেশে দীর্ঘদিনের প্রচলিত প্রথা।
তিনি দাবি করেন, পদত্যাগ করা কর্মকর্তারা বর্তমান সরকারের অধীনে চার মাস দায়িত্ব পালন করেছেন এবং এ সময় তারা বেতন-ভাতা ও বিভিন্ন সুবিধা গ্রহণ করেছেন। তার মতে, এখন হঠাৎ করে রাজনৈতিক বক্তব্য দিয়ে পদত্যাগ করাকে ভালোভাবে দেখা যায় না।
বদরুদ্দোজা বাদল আরও বলেন, যারা পদত্যাগ করেছেন তারা যদি সরকারের নীতির বিরোধী হতেন, তবে নিয়োগের পরদিনই পদত্যাগ করা উচিত ছিল। চার মাস কাজ করার পর এমন পদক্ষেপ নেওয়া উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি মন্তব্য করেন।
তিনি অ্যাটর্নি জেনারেলকে এসব আইন কর্মকর্তাদের চার মাসের কর্মকাণ্ড খতিয়ে দেখার আহ্বান জানান। তার প্রশ্ন, এই সময়ে তারা সরকারের পক্ষে কাজ করেছেন নাকি বিপক্ষে অবস্থান নিয়েছেন।
তিনি আরও দাবি করেন, সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করে পরে সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে।
প্রসঙ্গত, সম্প্রতি জুলাই সনদ বাস্তবায়ন, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ এবং বিচারপতি নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশের প্রতিবাদে রাষ্ট্রের ১৮ জন আইন কর্মকর্তা পদত্যাগ করেন।
পদত্যাগকারীদের মধ্যে ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল রয়েছেন। তারা অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগপ্রাপ্ত ছিলেন বলে জানা গেছে।