বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

news-image

অনলাইন ডেস্ক : চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ের দিয়াওইউতাই অতিথি ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের রাজনৈতিক ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে অনুষ্ঠিত এ সাক্ষাতে লিউ হাইশিং প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চীন সফরের প্রসঙ্গও তুলে ধরেন এবং দুই দেশের দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করেন।

চীনা মন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে রাজনৈতিক দলীয় পর্যায়ে সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে। বিশেষ করে গণমাধ্যম, গবেষণা প্রতিষ্ঠান, জনগণের মধ্যে যোগাযোগ এবং জীবনমান উন্নয়নের মতো খাতে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, চীন বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের দৃঢ় সমর্থক এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে চলমান উন্নয়ন প্রকল্পের জন্য চীনের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মাণ প্রকল্পে সহায়তা প্রত্যাশা করেন তিনি।

প্রধানমন্ত্রী দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

চীনা মন্ত্রীও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণের জীবনমান আরও উন্নত হবে বলে তিনি বিশ্বাস করেন।

বৈঠকে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন।