অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের পর ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। সংস্থাটির প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, পরিস্থিতি আরও খারাপ হলে মৃতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে এমনকি এক লাখের কাছাকাছিও পৌঁছাতে পারে।
ইউএসজিএসের বিশ্লেষণে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে প্রাণহানির ঝুঁকি অত্যন্ত বেশি। বিশেষ করে ঘনবসতিপূর্ণ অঞ্চলে বড় ধরনের অবকাঠামোগত ক্ষতি হলে হতাহতের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে যেতে পারে।
বুধবার সন্ধ্যায় রাজধানী কারাকাস এবং আশপাশের এলাকায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথম কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৭ দশমিক ৫, যা আরও বেশি শক্তিশালী ছিল।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, মূল ভূমিকম্পের পর শক্তিশালী আফটারশক বা পরাঘাত দেখা দিতে পারে। এতে আগে থেকেই ক্ষতিগ্রস্ত ভবন, সেতু ও অন্যান্য স্থাপনা আরও ঝুঁকির মুখে পড়তে পারে।
এছাড়া কয়েকটি অঞ্চলে ভূমিধস ও ভূমি তরলীকরণের আশঙ্কাও রয়েছে। এ ধরনের পরিস্থিতিতে মাটির দৃঢ়তা কমে যায়, ফলে ভবন ও অবকাঠামো হঠাৎ ধসে পড়ার ঝুঁকি বেড়ে যায়।
ভূমিকম্পের পর রাজধানীসহ বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ নিরাপত্তার জন্য ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে আশ্রয় নেন। বিভিন্ন শহরে ভবন ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গেছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো জানান, একাধিক স্থাপনায় ক্ষতির তথ্য পাওয়া গেছে এবং ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে জরিপ কার্যক্রম চলছে। নিরাপত্তার স্বার্থে কিছু এলাকায় গ্যাস সংযোগও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
ভূমিকম্পের পর ভেনেজুয়েলার পাশাপাশি আরুবা, বোনেয়ার ও আশপাশের কয়েকটি উপকূলীয় অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। পরে কিছু এলাকায় সতর্কতা প্রত্যাহার করা হলেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে প্রতিবেশী কলম্বিয়ার রাজধানী বোগোতাসহ বিভিন্ন এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। সেখানে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
উদ্ধারকাজ অব্যাহত থাকায় হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনও স্পষ্ট নয়। তবে বিশেষজ্ঞদের মতে, এটি সাম্প্রতিক সময়ে অঞ্চলটির অন্যতম শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হতে পারে।