অনলাইন ডেস্ক : তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদীর উন্নয়ন ও ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে একমত হয়েছে বাংলাদেশ ও চীন। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইংয়ের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে পানি সম্পদ ব্যবস্থাপনা, নদী উন্নয়ন এবং বন্যা নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
বৈঠকে প্রধানমন্ত্রী দেশের নদী খনন কার্যক্রম, বন্যা ঝুঁকি হ্রাস, পরিবেশ সংরক্ষণ এবং পানি সম্পদের কার্যকর ব্যবহারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি এসব ক্ষেত্রে চীনের প্রযুক্তিগত ও কারিগরি সহযোগিতা কামনা করেন।
বিশেষ করে তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে চীনের সহায়তা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে চীনের পানিসম্পদমন্ত্রী ইতিবাচক মনোভাব প্রকাশ করেন এবং বাংলাদেশের পানি খাতের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
লি গোওইং বলেন, পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। তিনি ২০০৫ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এবং সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের বিশেষজ্ঞ পর্যায়ের বিনিময় কার্যক্রমের কথা উল্লেখ করেন।
বৈঠকে নদীভাঙন প্রতিরোধ, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং নৌপথের নাব্যতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। চীনের মন্ত্রী জানান, এ খাতে চীনের অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে। পাশাপাশি বাংলাদেশি পানি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য চীনে আমন্ত্রণ জানান তিনি।
বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই দেশের মধ্যে পানি সম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে তারা আশাবাদ ব্যক্ত করেন।