অনলাইন ডেস্ক : ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার জনগণের প্রতি সমর্থন ও সহমর্মিতা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানে দেশটির সঙ্গে কাজ করার আগ্রহও জানিয়েছে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার লান্দাউ এক বার্তায় বলেন, এই দুর্যোগের সময় ভেনেজুয়েলার জনগণের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করা হচ্ছে এবং সহায়তা কার্যক্রম নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
বুধবার সন্ধ্যায় ভেনেজুয়েলায় মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, প্রথম কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৭ দশমিক ৫।
ভূমিকম্পের পরপরই দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। রাজধানী কারাকাসসহ বিভিন্ন অঞ্চলে ভবন, সড়ক ও অন্যান্য অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। উপকূলীয় এলাকাগুলোতে বেশ কয়েকটি ভবন ধসে পড়ার ঘটনাও ঘটেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, কম্পন শুরু হতেই আতঙ্কিত মানুষ দ্রুত ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন। অনেক পরিবারকে শিশু ও পোষা প্রাণী নিয়ে খোলা জায়গায় অবস্থান করতে দেখা যায়।
দেশটির উত্তর উপকূলীয় অঞ্চলকে ভূমিকম্পের কেন্দ্রস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ এলাকায় গুরুত্বপূর্ণ তেল শোধনাগার থাকায় জ্বালানি ও শিল্প খাতে প্রভাব পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন শহরে বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু ভবন এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ কারণে উদ্ধার ও নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
এদিকে ভূমিকম্পের পর রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে। নিরাপত্তাজনিত কারণে রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।