অনলাইন ডেস্ক : আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি ব্যবসায়িক খাতকে ভ্যাটভিত্তিক সুনির্দিষ্ট কর ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সংসদ অধিবেশনে মন্ত্রী জানান, করের আওতা বাড়ানো এবং অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহ বৃদ্ধি করার লক্ষ্যেই নতুন এসব খাতকে ভ্যাট ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হবে। প্রস্তাবিত খাতগুলোর মধ্যে রয়েছে মুদি দোকান, তৈরি পোশাক ও কাপড় বিক্রেতা, কনফেকশনারি, কসমেটিকসের দোকান, প্লাস্টিক ও সিরামিক গৃহস্থালি পণ্যের ব্যবসা, জুতার দোকান এবং হার্ডওয়্যার পণ্যের বিক্রেতারা।
এ ছাড়া ডেকোরেটরস প্রতিষ্ঠান, মোবাইল ফোন ও বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের বিক্রেতা, পেইন্ট ও স্যানিটারি সামগ্রীর ব্যবসা, টাইলস, ঢেউটিন, রড ও সিমেন্টের দোকান, ফার্নিচার বিক্রেতা, বিউটি পার্লার এবং মিষ্টির দোকান ও রেস্তোরাঁও নতুন কর ব্যবস্থার আওতায় আসবে।
অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছর থেকেই এসব খাতে সুনির্দিষ্ট কর কার্যকর করার লক্ষ্য রয়েছে সরকারের। তিনি আরও জানান, গত ২০২৪-২৫ অর্থবছরে ভ্যাট বাবদ মোট ১ লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।