ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
অনলাইন ডেস্ক : রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কয়েকজন কর্মীর বিরুদ্ধে। আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশির একটি জাতীয় দৈনিকে কর্মরত রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে জামায়াতে ইসলামীর ধানমন্ডি জোন ওই এলাকায় একটি মিছিল আয়োজন করে। মিছিল শেষে ব্রিফিং চলাকালে কয়েকজন কর্মী উপস্থিত এক সাংবাদিককে ‘আওয়ামী লীগের দোসর’ বলে মন্তব্য করেন।
এ ঘটনায় উপস্থিত সাংবাদিকরা আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মাহফুজুর রহমান শিশিরের ওপর শারীরিক হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা তার কলার চেপে ধরে ঘুষি মারেন। পরে তিনি মাটিতে পড়ে গেলে আরও কয়েকজন তাকে লাথি মারেন। এতে তিনি আহত ও রক্তাক্ত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে কাছের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
আহত সাংবাদিক শিশির বলেন, তার ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তিনি প্রশ্ন তোলেন, যারা সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে কথা বলে, তাদের কর্মীদের মাধ্যমে একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা সেই অবস্থানের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ।
ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন বলেন, সাংবাদিকদের সঙ্গে কোনো ধরনের অসদাচরণকে তারা সমর্থন করেন না। তিনি ঘটনাটিকে অনভিপ্রেত উল্লেখ করে বলেন, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হবে এবং প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এ ঘটনায় কোনো বহিরাগত জড়িত ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হবে।
ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলে আলোচনা সৃষ্টি হয়েছে এবং বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি উঠেছে।











