মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তদন্ত ছাড়াই মিথ্যা ও গায়েবি মামলায় ফাঁসানোর অভিযোগ

news-image

শ্যামা প্রসাদ চক্রবর্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): পুলিশের হাতে ডাকাতির মামলায় গ্রেপ্তার হওয়া নবীনগরের বিশিষ্ট স্ট্যাম্প ভেন্ডার ও ব্যবসায়ী মো. কামাল ভদ্র (কামাল ভেন্ডার) কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানোর অভিযোগ করেছে তার পরিবার। তাকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক মামলায় জড়ানো হয়েছে দাবি করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি ও ঘটনার সুষ্ঠু তদন্ত চাওয়া হয়েছে। গতকাল/আজ মঙ্গলবার দুপুর ১২টায় (২৩ জুন) নবীনগর উপজেলার পৌর এলাকার ৫নং ওয়ার্ডের আলিয়াবাদস্থ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে কামাল ভদ্রের স্ত্রী পাপিয়া বেগম ঘটনার বিবরণ দিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, “গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এবং নবীনগর থানার পুলিশ সহ দুটি গাড়ি আমাদের বাড়ি ঘেরাও করে। দরজা-জানালায় প্রচণ্ড শব্দ করে তারা দরজা খোলার দাবি জানায়। কামাল ভদ্র দরজা খোলার পর পুলিশ সদস্যরা ঘরে ঢুকে ঘরের আলমারি ও ড্রয়ার তছনছ করে এবং নারীদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করে। এ সময় পরিবারের সবার মোবাইল ফোন জব্দ করা হয়।”

পাপিয়া বেগম আরও জানান, রাসেল নামে এক চিহ্নিত ডাকাতের তথ্যের ভিত্তিতে তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। অথচ এই রাসেল হচ্ছে কামাল ভদ্রের বোনের সাবেক স্বামী, যার সাথে প্রায় ৪ বছর আগে পারিবারিকভাবে বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। পূর্ব শত্রুতার জেরে ওই ডাকাত কামাল ভদ্রের নাম বলতে পারে, কিন্তু পুলিশ কোনো রকম পূর্ব তদন্ত ছাড়াই একজন সম্মানিত ব্যবসায়ীকে ঘুম থেকে তুলে নিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে দিল।

কামাল ভদ্রের ছোট ভাই জামাল উদ্দিন সংবাদ সম্মেলনে বলেন, “আমার ভাই একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবক। তাকে নবীনগরের আলিয়াবাদ এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করা হলেও মামলার এজাহারে দেখানো হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। কোনো তদন্ত ছাড়াই সরাসরি তাকে ডাকাতি মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ হয়রানিমূলক।” তিনি এই অন্যায়ের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

ভুক্তভোগীর ছেলে ও নবীনগর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. অপু মিয়া বলেন, “আমরা নবীনগর থানার সামনেই দীর্ঘ বছর ধরে সুনামের সাথে ব্যবসা করছি। আমার বাবার কোনো অপরাধের রেকর্ড নেই। তাকে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, তখন স্থানীয় সংসদ সদস্যের (এমপি) বাসার সামনে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ওই এলাকার সিসিটিভি ফুটেজ এবং বাবার মোবাইল ট্র্যাকিং করলেই পরিষ্কার হয়ে যাবে যে তিনি ঘটনার সময় বাড়িতেই ঘুমিয়ে ছিলেন। অথচ পুলিশ কোনো তদন্ত ছাড়াই তাকে ডাকাতির সর্দার সাজিয়ে মিথ্যা মামলা দিয়েছে।” তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহিদ ও নবীনগর থানা পুলিশের একাংশের অসহযোগিতা এবং দুর্ব্যবহারের অভিযোগও তোলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, একজন নিরপরাধ সমাজসেবক ও ব্যবসায়ীকে এভাবে গায়েবি মামলায় ফাঁসানো হলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের নিরাপত্তা ক্ষুণ্ণ হবে।
তারা অবিলম্বে কামাল ভদ্রের নিঃশর্ত মুক্তি এবং এই ঘটনার পেছনে থাকা প্রকৃত রহস্য উদ্ঘাটনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানান ।

সংবাদ সম্মেলনে কামাল ভদ্রের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।