মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক
আমাদের ব্রাহ্মণবাড়িয়া
জুন ২২, ২০২৬
অনলাইন ডেস্ক : বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণসহ ৯টি গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে দুই দেশের সরকারপ্রধান একমত হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহ্দী আমিন।
সোমবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দ্বিপক্ষীয় বৈঠক শেষে আয়োজিত যৌথ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, দুই দেশের বৈঠকে রাজনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, হালাল শিল্প, ডিজিটাল অর্থনীতি, এআই ও সেমিকন্ডাক্টর, শ্রমবাজার, শিক্ষা, জ্বালানি, প্রতিরক্ষা ও নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতাসহ মোট ৯টি ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে যৌথভাবে কাজ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি দুই দেশ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনায় অগ্রসর হওয়ার বিষয়ে সম্মত হয়েছে।
শ্রমবাজার প্রসঙ্গে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া সহজ করা এবং অভিবাসন ব্যয় কমানোর বিষয়েও আলোচনা হয়। এছাড়া বর্তমানে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের মানবিক দিক বিবেচনায় সমস্যা সমাধানের বিষয়টি গুরুত্ব পায়।
শিক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতা, যৌথ গবেষণা, কারিগরি প্রশিক্ষণ এবং তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়েও দুই পক্ষ একমত হয়।
রোহিঙ্গা ইস্যু এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান মুখপাত্র। তিনি বলেন, বৈঠকটি দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।