ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা
অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের ঘোষিত ২৩ জুনের কর্মসূচির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। এ সময় সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুলতান আহমেদ রাহী নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের শনাক্ত করে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে পুরস্কার ঘোষণার কথা বলেন।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে সুলতান আহমেদ রাহী বলেন, অতীতে স্বৈরাচারী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের উদ্দেশেও সতর্কবার্তা উচ্চারণ করেন এবং আওয়ামী লীগের পক্ষে অবস্থান না নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ২৩ জুন ভোর থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেবেন। এ সময় কেউ নিষিদ্ধ ছাত্রলীগের কোনো নেতাকর্মীর অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে তাদের শনাক্ত করতে সহায়তা করলে তাকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি।
বিক্ষোভ কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।










