অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করে পুলিশ সদরদপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার পুলিশের অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, ২১ জুনের মধ্যে তাকে পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্ট করতে হবে।
জানা গেছে, সম্প্রতি দায়িত্ব পালনকালে দেওয়া এক বক্তব্যকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই তাকে খুলনা থেকে সরিয়ে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
আদেশ অনুযায়ী, বর্তমান কর্মস্থলের দায়িত্ব যথাযথভাবে হস্তান্তর করে নির্ধারিত সময়ের মধ্যে সদরদপ্তরে যোগ দিতে হবে তাকে। তিনি বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা হিসেবে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পদে দায়িত্ব পালন করছিলেন।
কয়েক দিন আগে নগরীর লবণচরা থানার মহিরবাড়ি খালপাড় এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন রাশিদুল ইসলাম খান। সভায় দেওয়া তার বক্তব্যের একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।
ভিডিওতে তিনি তথ্য ফাঁসের অভিযোগে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন। তার এই মন্তব্যকেই বেফাঁস ও অনাকাঙ্ক্ষিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।