বায়ুদূষণে শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান ১৬
অনলাইন ডেস্ক : বিশ্বের বড় শহরগুলোর মধ্যে আজ বায়ুদূষণের শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে তালিকার ১৬তম অবস্থানে।
শনিবার সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, জাকার্তার বায়ুমান সূচক ছিল ১৭০, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
একই সময়ে ঢাকার বায়ুমান স্কোর ছিল ৮৬। এই মান অনুযায়ী ঢাকার বাতাস ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার স্কোর ১৬১। তৃতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর (১৬০), চতুর্থ অবস্থানে কঙ্গোর কিনশাসা (১৫৬) এবং পঞ্চম স্থানে চিলির সান্তিয়াগো (১১৮)।
আইকিউএয়ার জানিয়েছে, বায়ুমান সূচক ০–৫০ হলে ভালো, ৫১–১০০ হলে মাঝারি, ১০১–১৫০ হলে সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ হলে অস্বাস্থ্যকর এবং ২০১–৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশিয়ার বড় শহরগুলোতে বায়ুদূষণের মাত্রা প্রায়ই বেড়ে যায়, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করে।











