শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিরতিতে ব্রাজিলের দাপট

news-image

অনলাইন ডেস্ক : হাইতির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথমার্ধে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে ব্রাজিল। মাতেউস কুনিয়ার জোড়া গোল এবং ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলে বিরতিতে ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ২৩তম মিনিটে প্রথম গোলের দেখা পায় সেলেসাওরা। ভিনিসিয়ুস জুনিয়রের শট প্রতিহত করলেও ফিরতি বলে হাইতির এক ডিফেন্ডারের ভুলে বল গিয়ে লাগে কুনিয়ার গায়ে, সেখান থেকেই জালে জড়ায় বল।

এরপর ৩৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন কুনিয়া। ভিনিসিয়ুসের বাড়ানো পাস ধরে দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান বাড়ান এই ফরোয়ার্ড।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে স্কোরলাইনে নিজের নাম তোলেন ভিনিসিয়ুস জুনিয়র। লুকাস পাকেতার চমৎকার পাস থেকে একক প্রচেষ্টায় গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদ তারকা।

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার পর সমালোচনার মুখে পড়েছিল ব্রাজিল। ফলে হাইতির বিপক্ষে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামে কার্লো আনচেলত্তির শিষ্যরা। প্রথমার্ধে তাদের পারফরম্যান্সে সেই দৃঢ়তারই প্রতিফলন দেখা গেছে।

অন্যদিকে দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় পর বিশ্বকাপে ফেরা হাইতি শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করলেও ব্রাজিলের আক্রমণ সামলাতে হিমশিম খেয়েছে। প্রথমার্ধে গোলের সুযোগ খুব একটা তৈরি করতে পারেনি ক্যারিবীয় দেশটি।

প্রথমার্ধ শেষে ৩-০ গোলের স্বস্তিদায়ক লিড নিয়ে ড্রেসিংরুমে ফিরেছে ব্রাজিল।