‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম বদলের উদ্যোগ
অনলাইন ডেস্ক : বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
তিনি জানান, নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নতুন নাম নির্ধারণে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। নাম চূড়ান্ত করার আগে স্থানীয় বাসিন্দাদের মতামত, এলাকার ঐতিহ্য এবং ভৌগোলিক বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে পুনরায় গণশুনানির আয়োজন করা হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন নাম নির্ধারণের পর সরকারি বিধি-বিধান অনুসরণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, ইউনিয়ন দুটির বর্তমান নাম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে আংশিক মিল রয়েছে বলে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এ নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হওয়ায় প্রতিমন্ত্রীও অস্বস্তি প্রকাশ করেন।
বিষয়টি নিয়ে ভুল ব্যাখ্যা বা অপপ্রচারের সুযোগ এড়াতে ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের জন্য প্রতিমন্ত্রী নিজেও জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।











