অনলাইন ডেস্ক : দীর্ঘ সংঘাতের পর অবশেষে লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, কাতার ও ইরানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে এ সমঝোতা সম্পন্ন হয়।
মার্কিন ওই কর্মকর্তা জানান, দিনের শুরুতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চললেও শেষ পর্যন্ত তারা যুদ্ধবিরতিতে পৌঁছাতে সক্ষম হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরের পরও লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১৮ জন নিহত হন। পাল্টা অভিযানে হিজবুল্লাহর হামলায় চার ইসরায়েলি সেনার মৃত্যুর খবর পাওয়া যায়।
হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা বলেছেন, সব ফ্রন্টে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি নিশ্চিত না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি সম্ভব নয় বলে ইরান তাদের জানিয়েছে।
মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে শুক্রবার সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে পড়ে। এতে হরমুজ প্রণালি পুনরায় চালুর মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অনিশ্চয়তায় পড়ে এবং নির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়।
বিশ্লেষকদের মতে, নতুন এই যুদ্ধবিরতি কার্যকর থাকলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা প্রশমিত হতে পারে এবং কূটনৈতিক উদ্যোগের পথ আরও সুগম হবে।