বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর মৃত্যুর মামলায় কারাগারে অভিনেতা আলভী

news-image

অনলাইন ডেস্ক : স্ত্রীর মৃত্যুকে কেন্দ্র করে দায়ের করা মামলায় ছোটপর্দার অভিনেতা যাহের আলভীর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন এই অভিনেতা। শুনানি শেষে আদালত তার আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাষ্ট্রপক্ষ জানায়, আসামির পক্ষে জামিন চেয়ে শুনানি করা হলেও প্রসিকিউশন ও বাদীপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত নেন।

শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন নিহত ইকরার বাবা। এ সময় তাকে আবেগাপ্লুত অবস্থায় দেখা যায়।

এর আগে গত ৪ জুন অভিনেতার মা নাসরিন সুলতানা আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেন।

আসামিপক্ষের আবেদনে উল্লেখ করা হয়, বিদেশে অবস্থানকালে যাহের আলভী উচ্চ আদালতের মাধ্যমে দেশে ফেরার পর গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশনা নেন। পরে তিনি দেশে ফিরে আদালতের শরণাপন্ন হন। আবেদনে আরও দাবি করা হয়, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তার স্ত্রী আত্মহত্যা করেছেন। এছাড়া পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি হওয়ার বিষয়টিও তুলে ধরা হয়।

মামলার নথি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবী ডিওএইচএস এলাকার বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে পুলিশ তদন্ত শুরু করে।

ওই রাতেই ইকরার বাবা কবির হায়াত খান মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।